1. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

‘মাদকের চেয়েও ভয়াবহ ক্ষতি করেছে ক্যাসিনো জুয়া’—ভূল্লীতে ওসি নূরে আলম সিদ্দিকী

নুর ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার দেবীপুর ইউনিয়নের দক্ষিণ খলিশাকুড়ি গ্রামে মাদক, ক্যাসিনো (জুয়া) ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় ১১টায় আয়োজিত এ সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূল্লী থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “মাদকের বিরুদ্ধে ভূল্লী থানার অবস্থান জিরো টলারেন্স। মাদকের পাশাপাশি ক্যাসিনো (জুয়া) এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধেও আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে জনগণের সহযোগিতা ছাড়া এ লড়াই পুরোপুরি সফল করা সম্ভব নয়। আপনারাও আমাদের সঙ্গে থাকুন।”

তিনি আরও বলেন, “এখন মাদকের চেয়েও ভয়াবহভাবে সমাজকে ক্ষতিগ্রস্ত করছিল ক্যাসিনো (জুয়া)। অনেক পরিবার সর্বস্বান্ত হয়েছে, অসংখ্য তরুণ অপরাধের পথে জড়িয়ে পড়েছে। জুয়ার কারণে পারিবারিক কলহ, ঋণের বোঝা, চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ বেড়ে যায়। তাই মাদকের পাশাপাশি জুয়ার বিরুদ্ধেও কঠোর অবস্থানে রয়েছে ভূল্লী থানা পুলিশ।”

ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, মাদক ব্যবসায়ী, ক্যাসিনো জুয়া কিংবা এসব অপরাধের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন তার নিজস্ব গতিতেই চলবে। অপরাধীদের রাজনৈতিক, সামাজিক বা ব্যক্তিগত কোনো পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। তিনি মাদক ও জুয়া সংক্রান্ত যেকোনো তথ্য গোপনীয়তার সঙ্গে পুলিশকে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান এবং তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখার আশ্বাস দেন।

দেবীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন বলেন, সমাজকে মাদক ও জুয়ার অভিশাপ থেকে মুক্ত রাখতে পুলিশের উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তরুণ প্রজন্মকে রক্ষায় পরিবার, সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দেবীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তহিদুল ইসলাম রিংকু বলেন, মাদক ও ক্যাসিনো জুয়া যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। একটি সুন্দর সমাজ গঠনে এসব অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা ভূল্লী থানার চলমান মাদক ও জুয়াবিরোধী অভিযানের প্রতি পূর্ণ সমর্থন জানান। তারা এলাকায় মাদক, ক্যাসিনো জুয়া, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost