দেশের কৃষিকে আরও সমৃদ্ধ ও উৎপাদনশীল করতে ২০ হাজার কিলোমিটার খাল উদ্ধার ও পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরণ।
শনিবার বেলা ১১টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি সফিকুর রহমান কিরণ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষির জন্য অনুকূল পরিবেশ গড়ে তুলতে সেচব্যবস্থা সম্প্রসারণে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শরীয়তপুর জেলায় প্রায় এক হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়াতে এবং পরিবেশ রক্ষায় দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে লাগাতে হবে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিকে গণআন্দোলনে পরিণত করারও আহ্বান জানান তিনি।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার, ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাশার, সখিপুর থানার ওসি মো. মোফাজ্জল হোসাইন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ২০০ কৃষকের মাঝে ৩০০ গ্রাম করে শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।
এছাড়া ৬৩০ জন কৃষককে মরিচের বীজ, ২০ জনকে পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য বীজকন্দ ও সার, এবং ১ হাজার ১৪৫ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজের পাশাপাশি ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে।
এতে শতাধিক হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে বলে আশা করছে কৃষি বিভাগ।
অনুষ্ঠানে সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের মাঝে মোট ৩ হাজার ৫৮০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়, যা ভবিষ্যতে পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রাখবে।
এছাড়াও নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১৮ জন দুস্থ নারীর মাঝে ১৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
সংশ্লিষ্টদের মতে, কৃষি উপকরণ, ফলজ চারা এবং সেলাই মেশিন বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখবে এ কর্মসূচি।
Leave a Reply