নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম (সজীব) মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।
সোমবার (২২ জুন) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি তাকে মুচলেকা গ্রহণের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, সজীবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে রোববার তাকে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, একটি বড় শিল্পগোষ্ঠীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগসহ একাধিক বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। অভিযোগের মধ্যে রয়েছে গাড়ি আটকে রাখা এবং পরবর্তী সময়ে উচ্চপর্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি সমাধানের বিষয়ও।
তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে ঘটনার পরপরই যুবদলের পক্ষ থেকে সংগঠনগত ব্যবস্থা নেওয়া হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সূত্রে জানানো হয়, অভিযোগের ভিত্তিতে খাইরুল ইসলাম সজীবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় দল নেবে না।
ঘটনাটি ঘিরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এখন ব্যাপক আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Leave a Reply