ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭ নম্বর মল্লিকবাড়ি ইউনিয়নকে মাদক ও ক্যাসিনো জুয়ামুক্ত রাখতে মতবিনিময় সভার আয়োজন করেছে স্থানীয় বিএনপি।
হাজীরবাজার এলাকায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারবার কারানির্যাতিত বিএনপি নেতা এবং ৭ নম্বর মল্লিকবাড়ি ইউনিয়নের নেতা মিজানুর রহমান মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম গেন্দু। এছাড়াও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন মল্লিকবাড়ি ইউনিয়ন বিএনপির নেতা আবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিলন বলেন, মাদক, ক্যাসিনো বা জুয়াসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স নীতিতে রয়েছে। একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হবে।
তিনি আরও বলেন, শুধু প্রশাসন বা রাজনৈতিক দলের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। এজন্য সাধারণ মানুষের সহযোগিতা ও সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন। সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় বক্তারা বলেন, বর্তমানে মাদকের চেয়েও ক্যাসিনো বা অনলাইন জুয়ার ভয়াবহতা বেড়ে গেছে। জুয়ার কারণে পারিবারিক কলহ, সামাজিক অস্থিরতা, চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে।
তারা আরও বলেন, সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সভা শেষে উপস্থিত সবাই মাদক, ক্যাসিনো ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply