বর্ষার দিনে বাইরে থেকে ভিজে কিংবা ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর এক বাটি গরম স্যুপ যেন এনে দিতে পারে স্বস্তি। আর সেই স্যুপ যদি হয় মুরগির মাংস ও নানা ধরনের সবজি দিয়ে তৈরি, তাহলে স্বাদ আর পুষ্টি— দুটোই মিলবে একসঙ্গে।
চিকেন ভেজিটেবল স্যুপ এমন একটি খাবার, যা যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যকরও। এতে অতিরিক্ত তেল কিংবা ভারী মসলা ব্যবহার করতে হয় না। ফলে শিশু থেকে শুরু করে বয়স্ক— সবার জন্যই এটি হতে পারে আদর্শ একটি খাবার।
এই স্যুপ তৈরির জন্য প্রয়োজন হবে এক কাপ মুরগির মাংস, এক কাপ পছন্দের সবজি, একটি ডিম, এক লিটার পানি, সামান্য গোলমরিচ গুঁড়া, দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি, দুই থেকে তিন কোয়া রসুন, সামান্য আদা কুচি, এক টেবিল চামচ সয়া সস, দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এক টেবিল চামচ তেল এবং স্বাদমতো লবণ।
প্রথমে একটি হাঁড়িতে তেল গরম করে তাতে আদা, রসুন ও পেঁয়াজ কুচি হালকা ভেজে নিতে হবে। এরপর মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে ভাজতে হবে।
তারপর পছন্দের সবজি যোগ করে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এবার লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে এক লিটার পানি ঢেলে দিন।
হাঁড়ির ঢাকনা বন্ধ করে প্রায় ১৫ মিনিট রান্না করুন, যাতে মাংস ও সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
এরপর সয়া সস ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে দিন। আলাদা একটি পাত্রে সামান্য পানির সঙ্গে কর্নফ্লাওয়ার গুলে স্যুপে মিশিয়ে নিন। এতে স্যুপের ঘনত্ব বাড়বে।
সবশেষে একটি ডিম ফেটিয়ে ধীরে ধীরে স্যুপের মধ্যে ঢেলে নেড়ে দিন। কয়েক মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন ভেজিটেবল স্যুপ।
গরম গরম পরিবেশন করুন। বৃষ্টিভেজা সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারেন পুষ্টিকর ও সুস্বাদু এই খাবার।
Leave a Reply