ফিলিপাইনে সামরিক প্রশিক্ষণের সময় দুটি বিমান বিধ্বস্ত হয়ে চারজন পাইলট নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেলে দেশটির রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত একটি বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ফিলিপাইনের বিমানবাহিনীর দুটি এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারযুক্ত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়। বিমান দুটি ফার্নান্দো বিমানঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন দেশটির বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান।
দুর্ঘটনায় চারজন পাইলটের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে বিমানঘাঁটির বাইরে অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কী কারণে প্রশিক্ষণ চলাকালে বিমান দুটির মধ্যে সংঘর্ষ বা দুর্ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইনের সামরিক বিমানবহরে বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। নতুন এই দুর্ঘটনা দেশটির সামরিক বিমান পরিচালনা ও প্রশিক্ষণের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে।
তদন্ত শেষে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন