আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ভুল্লী উপজেলায় ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্ব প্রাপ্ত ছাত্র সমন্বয়করা।
আজ (২১ অক্টোবর) ভুল্লী উপজেলার আওতাধীন আউলিয়াপুর ইউনিয়ন, শুখানপুখুরী ইউনিয়ন এবং বালিয়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পথসভা ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে দিনব্যাপী এই নির্বাচনী প্রচারণা পরিচালিত হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এবং ছাত্র সমন্বয়কদের সরাসরি তত্ত্বাবধান ও পরিচালনায় এ সময় সাধারণ মানুষ, স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক ও কুশল বিনিময় করা হয়।
প্রচারণাকালে দায়িত্বপ্রাপ্ত ছাত্রনেতারা বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। কেন্দ্র থেকে প্রেরিত টিম তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে মাঠে কাজ করছে।”
গণসংযোগকালে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া উপস্থিতি লক্ষ করা যায়।
কেন্দ্রীয় ছাত্রদলের সক্রিয় উপস্থিতি ও ছাত্র সমন্বয়কদের প্রাণবন্ত প্রচারণায় স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
নেতারা আগামী ২৯ অক্টোবরের নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
মন্তব্য করুন