দেশের চিকিৎসকদের মেধা, দক্ষতা, দেশপ্রেম ও মানবসেবায় আত্মনিবেদন জাতির জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সংকটময় পরিস্থিতিতেও জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসকরা মানুষের সেবা করেন, যা দেশের জন্য বড় অর্জন।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সপ্তম বার্ষিক সম্মেলন ‘হেমোটোকন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের কথাকে মানুষ গুরুত্ব দেয় এবং তাঁদের মেধা ও যোগ্যতাকে সম্মান করে। দেশের চিকিৎসকরা নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। দেশের প্রতি তাঁদের গভীর ভালোবাসা রয়েছে। মানুষের সেবায় চিকিৎসকরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেন, কোনো প্রতিদানের প্রত্যাশা ছাড়াই। তিনি দেশের চিকিৎসকদের নিয়ে গর্ববোধ করেন বলেও জানান।
হেমাটোলজি খাতের উন্নয়নে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে বিভিন্ন স্থানে হেমাটোলজিস্টদের পদায়নের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, চিকিৎসাব্যবস্থাকে আধুনিক করতে দেশজুড়ে রেডিওথেরাপি মেশিন স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ার মতো জটিল রোগে আক্রান্তদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মন্তব্য করুন