নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার লিপ্সা লঞ্চঘাট এলাকায় স্থানীয় জনতার সহযোগিতায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে লিপ্সা লঞ্চঘাট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ ছিল। এ কারণে এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছিল পুলিশ।
এরই ধারাবাহিকতায় স্থানীয় জনগণের সহায়তায় সন্দেহভাজন এক নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটকের পর ওই নারীকে লিপ্সা ফাঁড়ি পুলিশ খালিয়াজুরী থানায় হস্তান্তর করে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তাকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হবে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত এক মাসে লিপ্সা লঞ্চঘাট এলাকায় পরিচালিত অভিযানে স্থানীয় জনতার সহযোগিতায় মোট তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
খালিয়াজুরী থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক ব্যবসার বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারাও পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নিয়মিত অভিযানের মাধ্যমে এলাকায় মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে।
Leave a Reply