বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব ২০২৬-এর শুভ বিজয়া দশমী উপলক্ষে বর্ণাঢ্য বিজয়া র্যালি অনুষ্ঠিত হয়েছে।
“ধর্ম যার যার, রাষ্ট্র সবার—মাতৃরূপী মায়ের বিদায়, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন, শুভ বিজয়ার আনন্দ ভাগাভাগি করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিটির আয়োজন করা হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব মোঃ ইব্রাহিম। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালিতে বিজয়ার আনন্দ, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির আবহ দেখা যায়।
অনুষ্ঠানে নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বনিক, নলচিড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক বরুন রাহা, মহিলা বিষয়ক সম্পাদক অনিতা রানী দাস, সাংস্কৃতিক সম্পাদক জয় দাস এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক গৌতম কর্মকারসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজয়া র্যালির মধ্য দিয়ে ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।
মন্তব্য করুন