চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসার ড. এম. আতিকুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, তোমাদের জাতির স্বার্থে গড়ে উঠতে হবে। সকলকে মানসিকতার পরিবর্তন করতে হবে। দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে হবে। তোমরাই আগামী দিনের কর্ণধার। স্বাধীনতা যুদ্ধসহ দেশের সকল আন্দোলন-সংগ্রামে শিক্ষার্থীরা সবার আগে ঝাঁপিয়ে পড়েছে। সর্বশেষ ২৪ জুলাইয়ের আন্দোলনেও শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের রাজনীতি করতে হবে, তবে সেই রাজনীতি হতে হবে দেশ ও মানুষের কল্যাণে। শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস প্রসঙ্গে উপাচার্য বলেন, এটা সত্য যে, আমাদের এখনো নিজস্ব ক্যাম্পাস নেই। সবার আকাঙ্ক্ষা নিজস্ব ক্যাম্পাসে একটু পা রাখা। আমরাও চাই দ্রুত নিজস্ব ক্যাম্পাস হোক। আমরা আশাবাদী, অচিরেই সরকার নিজস্ব ক্যাম্পাসের বিষয়ে সিদ্ধান্ত দেবে।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দঘন। আমরা নতুন-পুরাতন শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে একটি নতুন ক্যাম্পাসের প্রত্যাশা করছি। আমাদের প্রত্যাশা, নিজস্ব ক্যাম্পাসের বিষয়টি অতি দ্রুত বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। চাঁদপুর মেডিকেল কলেজ ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষার্থীদের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নবীন শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। পড়ালেখা ও কর্মক্ষেত্রে তাদের তীব্র গতি থাকতে হবে।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাকিল কবির নেহালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ লোকমান হোসেন এবং চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইফতিখারুল আলম বসুনীয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রিন্স মাহমুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ও ছাত্রী হলের প্রভোস্ট নাজিম উদ্দীন, চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ, চাঁদপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পি. এস. মং, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য আবু সাঈদ।
নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন লুমান নূর শাহীন লাবিব, জোবায়ের হোসেন আপন ও সাব্বির হোসেন আসিফ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক জাহিদ হাসান জয় এবং গীতা পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের সদস্য সৌরভ রায়। পরে অতিথি, শিক্ষক ও নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নবীন ও প্রবীণ শিক্ষার্থী এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।