চাঁদপুরের কচুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) কচুয়া থানাধীন কড়ইশ-কচুয়া প্রধান সড়কের দক্ষিণ পাশে ইব্রাহিমের ছয়তলা ভবনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইউসুফ (৩৫) এবং ৩ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া বাচ্চু মিয়া ওরফে ফজলু (৩৬)। তাঁদের কাছ থেকে মোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১১ গ্রাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেপ্তার ইউসুফের পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে ১০০ পিস এবং বাচ্চু মিয়া ওরফে ফজলুর প্যান্টের সামনের বাম পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ৪১ ধারায় কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে বাদী হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক মো. হুমায়ুন কবির ভূঁইয়া।