চাঁদপুর সদর উপজেলার মৈশাদী তালতলা বাজারে রেলওয়ের জমি মাটি দিয়ে ভরাট করে নতুন করে মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে রেলওয়ের সম্পত্তিতে একাধিক দোকান নির্মাণ করে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মহিউদ্দীন খান তপন ও তাঁর পরিবারের বিরুদ্ধে।
অভিযোগকারীদের দাবি, রেলওয়ের জমিতে দোকান নির্মাণ ও ভাড়া দেওয়ার মাধ্যমে সম্পত্তিটি নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় নতুন করে মাটি ভরাট করে মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তাঁদের অভিযোগ।
মহিউদ্দীন খান তপন মৈশাদী তালতলা বাজারসংলগ্ন খান বাড়ির মৃত সহিদুল ইসলাম খানের ছেলে। অভিযোগের বিষয়ে তিনি বলেন, “এগুলো আমাদের বাপ-দাদার সম্পত্তি। পরে আমরা রেলওয়ে থেকে কৃষি লিজ নিয়েছি। এখন মার্কেট করব, যা ইচ্ছা তাই করব।”
এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার মারুফ হোসেন জানান, বিষয়টি রেলওয়ের স্টেট বিভাগের নিয়ন্ত্রণাধীন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
অন্যদিকে, লাকসাম জংশনের রেলওয়ে কানুনগো মনোয়ার হোসেন বলেন, রেলওয়ের সম্পত্তির শ্রেণি পরিবর্তনের সুযোগ নেই। জমিটি লিজ নেওয়া হয়ে থাকলে লিজের শর্ত ও ব্যবহার যাচাই করা হবে। অনিয়ম পাওয়া গেলে লিজ বাতিলের ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
সচেতন মহলের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে জমির মালিকানা, লিজের শর্ত এবং মার্কেট নির্মাণের বৈধতা নিশ্চিত করতে হবে। সরকারি সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ এখন প্রত্যাশা করছেন স্থানীয়রা।