চাঁদপুরের কচুয়ায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ জুয়েল মিয়াজী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কচুয়া থানাধীন দোয়াটি এলাকার একটি সেতুর ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই মোঃ রুহুল আমিনসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় জুয়েল মিয়াজীকে আটক করে তাঁর দেহ তল্লাশি করা হলে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক জুয়েল মিয়াজী কচুয়া উপজেলার পালাখাল গ্রামের মিয়াজী বাড়ির আবুল খায়েরের ছেলে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় মামলা করা হয়েছে। পরে রোববার (২৫ অক্টোবর) তাঁকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়।