ঢাকার আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে পাঁচজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) রাতে আশুলিয়ার চাড়ালপাড়া ও বিকুমপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তর-এর ওসি মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রথম পর্যায়ে সোমবার রাত ৮টা ২৫ মিনিটে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের চাড়ালপাড়া এলাকায় অভিযান চালান ডিবির উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মুত্তালিব ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় মো. মানিক (৪০), মো. ফারুক (৩২), আমেনা খাতুন (৪২) ও রিমু আক্তার (২৩) নামের চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।

অন্যদিকে, একই দিন রাত ৮টা ৩০ মিনিটে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বিকুমপুর এলাকায় পৃথক অভিযান চালান ডিবির উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ মিয়া ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় লেহাজ উদ্দীন (৫০) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদকদ্রব্যের অবৈধ বেচাকেনা ও বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তাঁদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}