অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছেন। সোমবার দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে নিজের সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইশরাক। তিনি বলেন, প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

পদত্যাগের সিদ্ধান্তের কথা জানালেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে কিছু মানুষের উচ্ছ্বাস প্রকাশের বিষয়ে আক্ষেপ জানিয়েছেন তিনি। একই সঙ্গে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে তাঁর কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

ইশরাক বলেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্যম নিয়ে কাজ করবেন। পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করার পাশাপাশি বিভিন্ন জেলায় সফর করে প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর কথাও জানান তিনি।

এর আগে শনিবার, ১৭ অক্টোবর, রাজধানীর গেন্ডারিয়ার রেললাইনসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক। অভিযানের সময় তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র দেখা যায়।

ইশরাকের দাবি, নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় আত্মরক্ষার জন্য তিনি বৈধ লাইসেন্সকৃত অস্ত্র সাময়িকভাবে উঁচিয়ে ধরেছিলেন। তাঁর বক্তব্য, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়লেও ইশরাক আগেই বিষয়টিকে গুজব বলে উল্লেখ করেছিলেন। অস্ত্র প্রদর্শনের ঘটনায় আইনের কোনো ব্যত্যয় হয়েছে কি না, তা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ।

এখন সবার নজর জাতীয় প্রেস ক্লাবে দুপুর ২টার সংবাদ সম্মেলনের দিকে। সেখানে ইশরাক পদত্যাগের বিষয়ে কী ঘোষণা দেন, তা স্পষ্ট হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}