জেলা প্রতিনিধি, বগুড়া

বগুড়া সদরের ফুলবাড়ী এলাকায় একটি বেকারি কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সদর উপজেলার মগলিশপুর এলাকার ‘সাগর বেকারি’ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন।

অভিযানকালে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার, নকল মোড়কে মিথ্যা তথ্য দিয়ে খাদ্যপণ্য বাজারজাতের প্রস্তুতি, খবরের কাগজ ব্যবহার করে কেক তৈরি, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা না মানা এবং পোড়া তেলে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায় বলে জানানো হয়।

এসব অভিযোগে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ দোষ স্বীকার করলে ভোক্তা সুরক্ষা ও নিরাপদ খাদ্য–সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।

function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}