ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের রাতভর বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে তিন শিশু। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৩৩ জন। শনিবার, ১৭ অক্টোবর, হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের তায়েজ গভর্নরেটে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় বিমান হামলায় নয়জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে আছেন বলে দাবি করেছে হুতি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।
এর আগে ধামার প্রদেশে পৃথক হামলায় তিন শিশু নিহত এবং আরও ১৭ জন আহত হওয়ার খবর জানানো হয়।
হুতি কর্তৃপক্ষের অভিযোগ, এসব হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে অস্ত্র ব্যবহারের এ অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি। হুতিদের দাবি অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সৌদি বিমান হামলায় ইয়েমেনে অন্তত ১১৫ জন নিহত এবং ৩০৫ জন আহত হয়েছেন।
অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, তাদের প্রতিরক্ষাব্যবস্থা হুতিদের পাঠানো অন্তত চারটি বিস্ফোরকবাহী ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে একটি ড্রোন সৌদি রাজধানী রিয়াদের দিকে যাচ্ছিল বলে দাবি তাঁর।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে হুতিদের হামলার অভিযোগের মধ্যেই ইয়েমেনে পাল্টা বিমান হামলা জোরদার করেছে সৌদি জোট। এতে দুই পক্ষের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইয়েমেনের সংঘাত, বেসামরিক মানুষের হতাহতের ঘটনা এবং সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির সর্বশেষ খবর জানতে চোখ রাখুন নন্দিত টিভিতে।