গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে বিকাশের ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের গুলিতে অ্যাকাউন্টস ম্যানেজারসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল, প্রাইভেটকারচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ হোসেন। তাঁরা সবাই ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের কর্মকর্তা। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন পরিশোধের চাপ থাকায় নগদ টাকার প্রয়োজন দেখা দেয়। পরে নরসিংদী থেকে নগদ টাকা সংগ্রহ করে প্রাইভেটকারে শ্রীপুরে ফিরছিলেন তাঁরা।

পথে কর্ণপুর এলাকায় ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে। দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভাঙার পর পিস্তল দিয়ে অ্যাকাউন্টস ম্যানেজার হিমেলকে গুলি করা হয়। এরপর গাড়িতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সংশ্লিষ্টদের দাবি, বস্তাগুলোতে মোট চার কোটি টাকা ছিল। এর মধ্যে আনুমানিক তিন কোটি টাকা ছিনতাই হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ছিনতাই হওয়া টাকার সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}