বিরোধী দল গঠনমূলক ভূমিকা পালন না করলে এবং সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠলে, বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার দায় গুপ্ত জামায়াতকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় এমএন একাডেমি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে মানুষ নির্যাতন, হামলা-মামলা, গুম ও খুনের শিকার হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর দেশ যখন স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, তখন পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।

বিদ্যুৎ খাতের অনিয়ম প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে এ খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। তাঁর দাবি, ইউনূস সরকারের আমলেও বিদ্যুৎ খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। তবে বর্তমান সরকার বিদ্যুৎ খাতকে স্বাভাবিক ও গতিশীল করতে কাজ করছে। পাশাপাশি দেশের প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে অভ্যন্তরীণ বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপির ভেতরে যেন কোনো সুযোগসন্ধানী বা স্বৈরাচারী শক্তি অনুপ্রবেশ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের অবদান আড়াল করা বা তাঁদের অপমানের চেষ্টার বিরুদ্ধে বিএনপির অবস্থান অটুট থাকবে বলেও জানান তিনি।

এর আগে নগরকান্দা সদর পেট্রোল পাম্প এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}