চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর থানার গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কুলুপাড়া গোয়ালদার পুকুরের দক্ষিণ পাশে একটি আমবাগানে অভিযান চালায়।
অভিযানকালে বিজিবি সদস্যরা সন্দেহভাজন এক চোরাকারবারিকে ধাওয়া করলে সে একটি লাল প্লাস্টিকের নেটের বস্তা ফেলে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেন। একই বস্তা থেকে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গুলি ও এসকাফ সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}