স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি। জাতিসংঘের ৮১তম অধিবেশনে এটি ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ।
ভাষণে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারসহ তাদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশ সমর্থন অব্যাহত রাখবে।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব নিয়েও উদ্বেগ জানান প্রধানমন্ত্রী। তার ভাষায়, সংঘাতের কারণে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, তৈরি হচ্ছে মানবিক সংকট এবং বিশ্ব অর্থনীতিও চাপের মুখে পড়ছে।
যেকোনো বিরোধের সমাধান আলোচনা, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে হওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি। রাষ্ট্রগুলোর মধ্যে সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থ এবং সম্মানকে আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হিসেবে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বাংলাদেশ এমন একটি শান্তিপূর্ণ ও মানবিক বিশ্ব চায়, যেখানে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তি, কূটনীতি, শিক্ষা ও মানবতা পরিবর্তনের হাতিয়ার হবে।
এ ছাড়া পূর্ণাঙ্গ ও সাধারণ নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্র নিয়ন্ত্রণের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}