বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির তাঁর দায়িত্ব থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি নিজেই এ কথা জানান।
নিজের পোস্টে নাছির উদ্দিন নাছির বলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আজ তাঁর শেষ দিন। দীর্ঘ ও ঘটনাবহুল এই দায়িত্বকাল শেষে পদ থেকে বিদায় নিলেও ছাত্রদল থেকে বিদায় নিচ্ছেন না তিনি।
তিনি জানান, ২০২৪ সালের ১ মার্চ দায়িত্ব নেওয়ার পর কঠিন রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। বিশেষ করে জুলাই-আগস্টের আন্দোলনের সময় নেতাকর্মীদের সক্রিয় রাখা এবং সংগঠনের বিভিন্ন স্তরকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করা ছিল বড় চ্যালেঞ্জ।
নাছির বলেন, তাঁর দায়িত্বকালে দুই হাজারের বেশি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। তবে কেন্দ্রীয় কমিটির বর্ধিত অংশসহ কয়েকটি কমিটি সম্পন্ন করতে না পারায় তাঁর আক্ষেপ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ছাত্রসংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার বিষয়টিও নিজের পোস্টে তুলে ধরে তিনি বলেন, এই ফলাফল তাঁকে সংগঠক হিসেবে ভাবিয়েছে এবং রাজনীতিতে পরাজয় থেকেও শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে।
বিদায়ী বার্তায় ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাছির বলেন, পদ থেকে বিদায় নেওয়া যায়, কিন্তু আদর্শ, ভালোবাসা ও সহযোদ্ধাদের কাছ থেকে নয়। ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখে প্রয়োজন হলে তাঁদের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
শেষে নিজের কোনো আচরণ বা সিদ্ধান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চান নাছির উদ্দিন নাছির। একই সঙ্গে ছাত্রদল আরও শক্তিশালী ও সংগঠিত হয়ে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি তাঁর দীর্ঘ বার্তার সমাপ্তি টানেন।
function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}