দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ছে। শনিবার ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চালু হচ্ছে আরও ৫০০ শয্যার নতুন ভবন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভবনটির উদ্বোধন করবেন।

নতুন ভবনটি চালু হলে হাসপাতালের মোট শয্যা সংখ্যা বেড়ে দাঁড়াবে ১ হাজারে। ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১৫ তলা ভবনটির নিচের তিনটি তলা বেজমেন্ট হিসেবে ব্যবহৃত হবে। উপরের ১২ তলায় রয়েছে ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট। থাকছে ৪০ শয্যার আইসিইউ, ২০ শয্যার এইচডিইউ, ১১২টি কেবিন এবং ৬২টি ভেন্টিলেটর।

এছাড়া ভবনে রয়েছে ১০০ শয্যার বিশেষায়িত ট্রমা ইউনিট। দুর্ঘটনায় মাথা ও মেরুদণ্ডে আঘাত পাওয়া রোগীদের জন্য এখানে ২৪ ঘণ্টা অস্ত্রোপচারের সুবিধা থাকবে। রয়েছে চারটি অপারেশন থিয়েটার, যার দুটি মডুলার ওটি।

নতুন ভবনে দুটি এমআরআই, দুটি সিটি স্ক্যান, একটি ক্যাথল্যাব, পৃথক অক্সিজেন প্ল্যান্ট, আধুনিক অটোক্লেভ এবং চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শয্যাসংকটের কারণে বর্তমানে অনেক রোগীকে ফিরিয়ে দিতে হয়। নতুন ৫০০ শয্যা চালু হলে আরও বেশি রোগীকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}