সারাদেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিংয়ে ভোগান্তি বাড়ছে। এরই মধ্যে বিদ্যুৎ সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।
১১ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, সারাদেশ থেকেই বিদ্যুৎ নিয়ে একের পর এক অভিযোগ আসছে। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই সমস্যায় ভুগছেন তার নির্বাচনী এলাকার শিবচরবাসীও।
এমপি হানজালা বলেন, ‘আমিও আপনাদেরই একজন। আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি, আপনাদের কষ্ট আমি অনুভব করছি।’
তিনি জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তার টিম নিয়মিত যোগাযোগ রাখছে এবং পরিস্থিতির খোঁজখবর নিচ্ছে। এটি শুধু শিবচরের সমস্যা নয়, দেশের বিভিন্ন এলাকাতেই বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। সংকট দ্রুত সমাধানে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেন।
সবশেষে শিবচরবাসীকে আশ্বস্ত করে এমপি হানজালা বলেন, ‘ইনশাআল্লাহ, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। শিবচরবাসীর পাশে আছি, পাশে থাকব।’