ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৭৯ হাজার ৩০০ টাকাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। গ্রেপ্তারদের মধ্যে একজনের বিরুদ্ধে ১৪টি মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে মো. লাভলু মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে ৮ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।
একই দিন বিকেল ৪টা ১৫ মিনিটে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. রিয়াজ উদ্দিন (৩৩) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা, যার ওজন ৭৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার টাকা, ও মাদক বিক্রির নগদ ৭৯ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়। অভিযানে এসআই মো. আরিফুল ইসলাম ও এসআই মোহাম্মদ আব্দুল মুত্তালিবসহ ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার লাভলু মিয়ার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। অপরদিকে, রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে ১১টি মাদক মামলা ও তিনটি অন্যান্য ধারার মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন