জামালপুরের দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাকী আক্তার (৩৫) ও তাঁর ছেলে রাজুর (১৪) মৃত্যু হয়েছে। ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন লাকী আক্তারের শাশুড়ি বুলি বেগম।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদের কাছে পুরোনো রেললাইনসংলগ্ন চুকাইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাকী আক্তার ওই এলাকার আব্দুর রশিদের স্ত্রী এবং রাজু তাঁদের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু সেটি মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এ সময় তাঁদের বাঁচাতে দাদি বুলি বেগম এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
Leave a Reply