বগুড়ার ধুনটে চাঁদা দাবির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও ফের তরুণকে পথরোধ করে আটকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ধুনট উপজেলা সদরের ডাচ্-বাংলা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগকারী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
অভিযোগকারী মোছাঃ ফৌজিয়া হক বিথীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তাঁর ছেলে এফএইচ কবির বর্ষন (১৮) গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ধুনট মডেল মসজিদে মাগরিবের নামাজ শেষে উপজেলা গেট সংলগ্ন একটি হোটেলের সামনে পৌঁছালে মামুন (৩২), শাকিব (১৯) সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন তাঁর পথরোধ করেন। এ সময় তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরো বলা হয়, দাবিকৃত টাকা না দিলে বর্ষনকে মাদকদ্রব্য দিয়ে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ ও ফোলা জখম হয় বলে তাঁর মায়ের দাবি। পরে স্বজন ও স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বর্ষনের মা ফৌজিয়া হক বিথী ধুনট থানায় লিখিত অভিযোগ করেন।
এদিকে ফৌজিয়া হক বিথীর দাবি, থানায় অভিযোগ করার বিষয়টি জানতে পেরে অভিযুক্তরা ক্ষিপ্ত হন। এরই ধারাবাহিকতায় বুধবার তাঁর ছেলে বর্ষনকে ধুনট উপজেলা সদরের ডাচ্-বাংলা ব্যাংকের সামনে পথরোধ করে আটকে রাখা হয়। এ সময় তাঁর কাছে থাকা নগদ ৩১ হাজার ৬৫০ টাকা ও একটি Realme 60 X মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর বিষয়টি ধুনট থানায় জানানো হলে পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান ফৌজিয়া হক বিথী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়।
তবে এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনার সত্যতা পেয়েছি, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply