ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। একই সঙ্গে ওই বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় রাজীব নামে ২৩ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার একটি গ্রামের এক প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শরীফ মিয়া, আরিফ মিয়াসহ পাঁচ যুবক ওই বাড়িতে গিয়ে প্রথমে পানি ও কুড়াল চান। বাড়ির নবম শ্রেণির শিক্ষার্থী পানি নিয়ে দরজার কাছে এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করা হয় বলে অভিযোগ।
পরে অভিযুক্তরা ঘরে ঢুকে ভাঙচুর করেন এবং আলমারিতে থাকা বাড়ি নির্মাণের জন্য রাখা প্রায় পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করেন বলে অভিযোগ করা হয়েছে। এরপর ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এ সময় রাজীব মুঠোফোনে ভিডিও ধারণ করেন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও দুই লাখ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ রয়েছে।
পরে ভুক্তভোগীদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেন। রাতেই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি নির্জন এলাকা থেকে রাজীবকে আটক করা হয়। পুলিশের দাবি, আটকের সময় ভিডিও ধারণে ব্যবহৃত মুঠোফোনটি পানিতে ফেলে দেন তিনি। পরে সেটি উদ্ধার করা হয়। অন্য অভিযুক্তরা পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, অভিযোগের সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। মেডিকেল রিপোর্টসহ অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করে ঘটনার প্রকৃত তথ্য নিশ্চিত করা হবে। অন্য অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন