পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে আদম আলী মোল্লা নামে ৬০ বছরের এক বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার বিকেল ৪টার দিকে একদন্ত ইউনিয়নের চন্দিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আদম আলী মোল্লা ষাটগাছা স্কুলপাড়া এলাকার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, একদন্ত বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
নিহতের স্বজন আলমগীর হোসেন জানান, ঘটনার প্রায় ১৫ দিন আগে আদম আলীর ছেলে তাকে ফোন করে পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার কথা জানিয়েছিলেন। সেই হুমকির সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
পুলিশ সুপার আবু আশরাফ জানান, নিহতের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।
Leave a Reply