বগুড়ার গাবতলীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সোনারায় ইউনিয়নের পীরগাছা বাজারের ডিলার ও ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সোনারায় ইউনিয়নের পীরগাছা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহম্মেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, বগুড়া গাবতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী সুবিধাভোগীদের চাল বিতরণে কতিপয় ডিলার অনিয়ম করেছে। কেউ-কেউ চালের পরিবর্তে সুবিধাভোগীদের নগদ টাকা দিচ্ছেন এবং কোথাও কোথাও ওজনে কম দেওয়ার অভিযোগও রয়েছে। সরকার দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গাবতলী উপজেলার ১২টি ইউনিয়নে (২৮ জন) ডিলারের মাধ্যমে নির্ধারিত কার্ডধারীদের জনপ্রতি ৩০ কেজি করে ১৫ টাকা দরে চাল বিতরণ করে আসছে।
অভিযানকালে পীরগাছা বাজারের ডিলার আব্দুর রশিদের ক্ষেত্রে চাল বিতরণ না করেই বিতরণ করা হয়েছে, এমন ভূয়া তালিকা বা মাস্টার রোল তৈরির প্রমাণ পাওয়া যায় বলে সংশ্লিষ্টরা জানান। পরে তাকে গ্রেফতার করা হয়। গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনুর রশিদ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ না করেই ভূয়া নামের তালিকা তৈরি করার অপরাধে ডিলার আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে অন্যান্য ডিলারদের বিরুদ্ধেও তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Leave a Reply