ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। সোয়া দুই ঘণ্টাব্যাপী রায় পাঠ করেন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা।
মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন—সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীম। যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন উম্মে সুলতানা পপি, মোহাম্মদ নুরুদ্দিন, শাহাদাত হোসেন জাবেদ ও ইফতেখার হোসেন রানা।
আর ১০ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন নুসরাত। মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল তাকে মাদ্রাসার ছাদে নিয়ে হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ১০ এপ্রিল ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়।
এ ঘটনায় করা মামলায় ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন।
পরে আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি হয় হাইকোর্টে। শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হলো।
হাইকোর্টের এই রায়ের ফলে দীর্ঘদিন আলোচিত নুসরাত হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ আসামির মৃত্যুদণ্ডের পরিবর্তে দুইজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন এবং ১০ জনের খালাসের সিদ্ধান্ত এসেছে।
Leave a Reply