স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাওয়া সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সিগঞ্জ জেলা কারাগারের ফটকে প্রবেশ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
এর আগে বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে স্বামীর জানাজায় অংশ নিতে দীপু মনিকে নিয়ে মুন্সিগঞ্জ কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রিজন ভ্যান।
জানা গেছে, বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে কঠোর নিরাপত্তার মধ্যে দীপু মনিকে রাজধানীর বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হয়।
দাফন শেষে বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী থেকে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সিগঞ্জ জেলা কারাগারের উদ্দেশ্যে রওনা হয়।
পরে প্রায় পৌনে তিন ঘণ্টার যাত্রা শেষে সন্ধ্যা ৬টার দুই মিনিট আগে প্রিজন ভ্যানটি মুন্সিগঞ্জ জেলা কারাগারের ফটকে প্রবেশ করে।
এর মধ্য দিয়ে স্বামীর জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য নির্ধারিত ১২ ঘণ্টার প্যারোলের সময় শেষ হওয়ার আগেই কারাগারে ফিরিয়ে নেওয়া হয় দীপু মনিকে।
এর আগে বুধবার দুপুরে দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ মায়ের প্যারোলে মুক্তির জন্য মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ১২ ঘণ্টার জন্য দীপু মনিকে প্যারোলে মুক্তির অনুমতি দেন।
অনুমোদন অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলের সময় নির্ধারণ করা হয়েছিল।
সেই অনুমতি অনুযায়ী সকালেই তাকে কারাগার থেকে বের করে ঢাকায় নেওয়া হয়। স্বামীর জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হলো।
Leave a Reply