সরকারি চাকরি শুধু একটি পেশা নয়, এটি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন ও বিচার বিভাগের আয়োজনে সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত এবং অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, একজন কর্মকর্তা কর্মজীবনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করলে সরকারি প্রতিষ্ঠান শক্তিশালী হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সেবাও নিশ্চিত হয়।
তিনি বলেন, একটি মন্ত্রণালয়ের সফলতা শুধু মন্ত্রী, সচিব বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর নির্ভর করে না। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলেই একটি মন্ত্রণালয় সফলভাবে পরিচালিত হতে পারে।
এ সময় তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মীদের অবদানের গুরুত্ব তুলে ধরেন। তার মতে, প্রত্যেকেই নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করলে সামগ্রিক কার্যক্রমে তার অবদান থাকে। তাই সবার অবদানের যথাযথ স্বীকৃতি থাকা প্রয়োজন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, পদোন্নতি আনন্দ ও গৌরবের বিষয় হলেও এর সঙ্গে দায়িত্বও বেড়ে যায়। নতুন পদে কর্মকর্তাদের আরও নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
দীর্ঘ কর্মজীবন শেষে অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান আইনমন্ত্রী। তাদের কর্মনিষ্ঠা ও অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েসসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং পদোন্নতিপ্রাপ্ত ও অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন