ভারতে অভিনয়ের মাধ্যমে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। রাজনৈতিক ইস্যুতে সাধারণত সরাসরি কোনো কর্মসূচিতে দেখা না গেলেও এবার কলকাতার রাজপথে একটি র্যালিতে অংশ নিয়েছেন তিনি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা, পাশাপাশি দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া।
ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় আয়োজিত ওই র্যালিতে অংশ নেন জয়া আহসান। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত কর্মসূচিতে রাজনীতিক, নারী বিধায়ক, সাধারণ মানুষের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের বেশ কয়েকজন তারকাও অংশ নেন।
জয়া আহসান ছাড়াও র্যালিতে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেকে। কর্মসূচিতে তাদের ‘কারার ঐ লৌহ কপাট’ গানে কণ্ঠ মেলাতেও দেখা যায়।
র্যালিটির মূল উদ্দেশ্য ছিল রাতের কলকাতায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো। নারী নিরাপত্তার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে জয়ার অংশগ্রহণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
অনেকে প্রশ্ন তুলেছেন, অন্য দেশের নাগরিক হয়ে জয়া আহসান কেন ভারতের এমন একটি কর্মসূচিতে অংশ নিলেন। তবে অন্যদিকে তার এই উদ্যোগকে প্রশংসাও করছেন অনেকে। তাদের মতে, নারীর নিরাপত্তার মতো সামাজিক বিষয়ে রাজপথে নেমে আওয়াজ তোলা ইতিবাচক দৃষ্টান্ত।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত জয়া আহসানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি বর্তমানে কলকাতায় রয়েছেন। সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’, যা দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply