ঝিনাইদহের মহেশপুরে বসতবাড়ির পাশের ডোবার পানিতে ডুবে হুমায়রা (৩) ও নাহিয়ান (৫) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার যাদবপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত হুমায়রা ওই গ্রামের আশিকুর রহমানের মেয়ে এবং নাহিয়ান একই গ্রামের বাবুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিশু দুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অসাবধানতাবশত তারা পাশের ডোবার পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
একপর্যায়ে শিশু দুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে ডোবার পানিতে একটি শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। এরপর খোঁজাখুঁজি করে অপর শিশুটিকেও পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
পরে শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
একই গ্রামের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার দুটিতে চলছে শোকের মাতম। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। শিশু দুটির এমন অকাল মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন