জামালপুরের বকশিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে জমে থাকা দীর্ঘদিন ধরে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। আজ বৃহস্পতিবার দুপুরে ঝংকার সিনেমা হল সংলগ্ন এলাকায় পানি নিষ্কাশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে পানিবন্দি থাকা প্রায় ৩ থেকে ৪ শত পরিবারের দুর্ভোগ লাঘবে। এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বকশিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল তালুকদার। এতে সাধারণ মানুষ ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াতের সুপথ উন্মুক্ত হচ্ছে।
জামালপুরের বকশিগঞ্জ পৌর শহরের ৭নং ওয়ার্ডের ঝংকার সিনেমা হল সংলগ্ন এলাকা। দীর্ঘ দিন ধরে জলাবদ্ধতায় বন্দি জীবনযাপন করছিলেন স্থানীয় অন্তত তিন থেকে চার শত পরিবার। পাশাপাশি, বাসটার্মিনাল হাফিজ উদ্দিন দারুসসুন্নাহ মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি পানিতে নিমজ্জিত থাকায় পোহাতে হচ্ছিল চরম ভোগান্তি। বকশিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে শুরু হওয়া এই কাজে খুশি স্থানীয়রা।
উদ্বোধন ও কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহমেদ সুজন, পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক তৌহিদ মেহেদী, যুবনেতা নাছির উদ্দিন, পৌর মৎসজীবি দলের নেতা আজাদ, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন, বাসটার্মিনাল হাফিজ উদ্দিন দারুসসুন্নাহ মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি এহসানুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী আবু রায়হান ও মুন্নাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে এই পানি নিষ্কাশন কার্যক্রম শুরু হওয়ায় পৌরবাসীর মুখে ফুটেছে স্বস্তির হাসি। দ্রুততম সময়ে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবিও জানিয়েছেন তারা।
মন্তব্য করুন